সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের নিম্মমুখী প্রবণতা থাকলেও চলতি মাসে টাকার অংকে সর্বোচ্চ শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১১৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অংকে লেনদেন হয়েছে ২৬৩ কোটি ৬৯ লাখ ৭৩ হাজার টাকা, যা চলতি রমজান মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ৩ জুলাই অর্থাৎ ৫ রজমান ডিএসইতে লেনদেন হয়েছিল ২৬১ কোটি ৮৫ কোটি ২৪ লাখ টাকা।
এদিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। দিনভর কোম্পানিটির ৮৬ লাখ ৬৫ হাজার ৭০০টি শেয়ার ৩০ কোটি ৫৯ লাখ ৮৮ হাজার ৬০০ টাকায় লেনদেন হয়েছে।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৩৯২ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ২৫৩ কোটি ২১ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। হিসাবে রবিবার ডিএসইতে লেনদেন বেড়েছে ১০ কোটি ৪৭ লাখ ৮০ হাজার টাকা।
ঈদ উদযাপন উপলক্ষে অনেকে নগদ টাকার সংস্থান করতে শেয়ার লেনদেন বাড়িয়েছেন। এ এ সময় দর কিছুটা কম পাওয়ায় অনেকে শেয়ার কিনছেন। এ সব কারণে লেনদেন বেড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮২৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ৮০টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২২ কোটি ১৪ লাখ টাকা।
বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছিল ২২ কোটি ৬৫ লাখ টাকা। সে হিসাবে রবিবার সিএসইতে লেনদেন কমেছে ৫১ লাখ টাকা।
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





