এক্সিম ব্যাংক মানিকগঞ্জ শাখায় ডাকাতির চেষ্টাকালে দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জেলা শহরের শহীদ রফিক সড়কে এক্সিম ব্যাংকের এই শাখায় ডাকাতরা পেছনের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে।
এ সময় তারা ব্যাংকের ভল্ট ও ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ভেঙ্গে ফেলে। তাৎক্ষণিকভাবে ব্যাংকের ব্যবস্থাপক নুর মোহাম্মদ আনসারী বিষয়টি মোবাইলে জিপিএস পদ্ধতিতে জানতে পারেন।
পরে তিনি মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমানকে বিষয়টি অবহিত করলে পুলিশ অভিযানে নামে।
মানিকগঞ্জ টাউন পুলিশ ফাঁড়ির এটিএসআই আহাদ আলী জানান, ওয়্যারলেসে খবর পেয়ে তারা গঙ্গাধরপট্টি এলাকা থেকে আরিফ (৪২) নামের এক যুবককে আটক করে। পরে ঘটনার সঙ্গে জড়িত আরেক যুবক শাহীনকে ব্যাংকের পশ্চিমপাশ থেকে আটক করা হয়।
প্রাক্তন সেনা সদস্য আরিফ মানিকগঞ্জ সদর উপজেলার চরমত্ত এলাকার বাসিন্দা। শাহীনের বাড়ি ঢাকার নবাবগঞ্জে।
এদিকে শাহীন নামের তাদের অপর এক সহযোগী পালিয়ে গেছে। ওই যুবকের বাড়ি নারায়ণগঞ্জে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। তবে, অভিযান অব্যাহত রয়েছে।
এমকে





