ক্রেডিট কার্ড ও চেক জালিয়াতি, স্থায়ী আমানতের (এফডিআর) টাকা তুলতে না পারা, মিথ্যা তথ্য দিয়ে ব্যাংক থেকে অর্থ উত্তোলন, স্বীকৃত বিল পরিশোধ না হওয়াসহ ব্যাংকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ প্রতিনিয়ত বাড়ছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সমঝোতায় এসব অভিযোগের অধিকাংশই স্বল্পতম সময়ে নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গ্রাহক হয়রানি বন্ধ ও অর্থ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে গঠিত ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস বিভাগে (এফআইসিএসডি) চলতি বছরের এপ্রিল শেষে মোট ৯ হাজার ৬শ ৮৪টি অভিযোগ জমা পড়েছে।
এর মধ্যে লিখিত অভিযোগ ৬ হাজার ৪শ ২৩টি। আর টেলিফোন বা মোবাইল ফোনে অভিযোগ এসেছে তিন হাজার ২শ ৬১টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে নয় হাজার ৪শ ৪২টি। অর্থাৎ অভিযোগ নিষ্পত্তির হার ৯৭ দশমিক ৫০ শতাংশ। বাকি ২শ ৪২টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]