এবারের ঈদ-উল-আযহা উপলক্ষে সাড়ে ২৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার এসব নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। ব্যাংক থেকে একজন ব্যক্তি একবারে সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার টাকা নতুন নোট বদল করে নিতে পারবেন।
যেখানে ২০ ও ১০ টাকার একটি করে, ৫ টাকার তিনটি ও ২ টাকার একটি করে বান্ডেল থাকবে। আর সঙ্গে থাকবে একশ’ পিস করে ৫, ২ ও ১ টাকার কয়েন।
নতুন টাকা প্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে চারটি ও ১৮টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখায় বিশেষ কাউন্টার খোলা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বাদে আর যেসব ব্যাংকের শাখায় নতুন টাকা বদল করা যাবে সেগুলো হলো, জনতা ব্যাংকের আবদুল গনি রোড করপোরেট শাখা ও নিউমার্কেট শাখা, সোনালীর রমনা শাখা, অগ্রণীর এলিফ্যান্ট রোড শাখা, রূপালীর মহাখালী শাখা, প্রাইমের মালিবাগ ও মিরপুর শাখা, পূবালীর সদরঘাট শাখা, ন্যাশনালের যাত্রাবাড়ী শাখা, ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা,
মার্কেন্টাইলের বনানী শাখা, সাউথইস্টের কাওরানবাজার শাখা, উত্তরার চকবাজার শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, এসআইবিএলের বসুন্ধরা সিটি মার্কেট শাখা, আইএফআইসির গুলশান শাখা, ফার্স্ট সিকিউরিটির মোহাম্মদপুর শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা এবং ডাচ্-বাংলার দক্ষিণ খানের এসএমই অ্যান্ড কৃষি শাখা।
এছাড়া ঢাকার বাইরে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, খুলনা ও সিলেট শহরে পাঁচটি করে এবং বরিশাল, রংপুর ও রাজশাহী অঞ্চলে তিনটি করে বিশেষ কাউন্টার খোলা হবে। গত রোজার ঈদে ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি ছিলো কেন্দ্রীয় ব্যাংকের। তবে ঈদের আগের কর্মদিবস পর্যন্ত সাড়ে ১৯ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে গিয়েছিল।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





