কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের সময়োচিত ব্যবস্থা নেয়ার কারণেই ব্যংকের সকল অনিয়ম বের হয়ে আসছে। তা না করলে প্রকৃত সমস্যা আড়ালেই থেকে যেত। তিনি বলেন, এর ফলে কয়েকটি ব্যাংকে ঋণের নামে বড় ধরণের আর্থিক অনিয়ম উদঘাটিত হয়েছে।

রোববার সকালে বাংলাদেশ ব্যাংকে নবনিযুক্ত সহকারী পরিচালকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ২০১৪ এর প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য গভর্নর এসব কথা বলেন।
আতিউর বলেন, বর্তমানে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করায় দেশী ও বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধি পাচ্ছে। বৈদেশিক বিনিয়োগের পরিমাণ গত বছরের তুলনায় ২২% বেড়েছে।

তিনি বলেন, রেমিটেন্স আয়ে কিছুটা শ্লথগতি দেখা গেলেও তা আবার বাড়তে শুরু করেছে। মূল্যস্ফীতির হার বর্তমানে নিম্নমূখী এবং এটি ৭.৫% এর নীচে সহনশীল মাত্রায় রয়েছে বলে জানান তিনি।

গভর্নর বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে জুন ২০১৪ শেষে ২১.৬ ডলারে উন্নীত হয়েছে। এই রিজার্ভ দেশের ছয় মাসেরও বেশি সময়ের আমদানি মূল্য পরিশোধের জন্যে যথেষ্ট।

তিনি বলেন, বিবিএস এর প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরেই গতিশীল রয়েছে। রাজনৈতিক অস্থিরতা না থাকলে জিডিপি প্রবৃদ্ধি আরো বেশি হতে পারত বলে দাবি করেন তিনি।

গভর্নর বলেন, গত পাঁচ বছরে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় দেড়গুণেরও বেশি বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ১১৮০ ডলার, যা দক্ষিণ এশিয়ার গড় আয়ের চেয়ে বেশি।
তিনি বলেন, মাথাপিছু আয়ের দিক থেকে অচিরেই উচ্চ-মধ্য আয়ের দেশগুলোর কাতারে দাঁড়াবে বাংলাদেশ।

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর