ঈদুল আজহা উপলক্ষে ২৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে দুই টাকা, পাঁচ টাকা, ১০ টাকা ও ২০ টাকার নোট। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৪৭টি শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে নতুন নোট বিনিময় চলবে ২ অক্টোবর পর্যন্ত। একজন সর্বোচ্চ বিভিন্ন মানের পাঁচ হাজার টাকার নতুন নোট সংগ্রহ করতে পারবেন।
টাকা বদলানোর সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে চারটি বিশেষ কাউন্টার খোলা হচ্ছে। এর মধ্যে একটি থাকবে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারি চাকরিজীবী, মুক্তিযোদ্ধা এবং বয়স্কদের জন্য। এছাড়া রাজধানীর ১৯টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকে নতুন নোট বদলে নেয়া যাবে।
রাজধানীতে যেসব শাখায় এই নতুন নোট বিতরণের জন্য বিশেষ কাউন্টার খোলা হচ্ছে সেগুলো হলো পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের নিউমার্কেট শাখা ও আব্দুল গনি রোড করপোরেট শাখ, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, প্রাইম ব্যাংকের মৌচাক শাখা ও মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, স্যোশাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি মার্কেট শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার ইউনিট দক্ষিণখান শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মোহাম্মাদপুর শাখা এবং রূপালী ব্যাংকের মহাখালী শাখা।
ঢাকার বাইরে কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম, খুলনা ও সিলেট শহরে পাঁচটি করে বিশেষ কাউন্টার খোলা হবে। আর বরিশাল, রংপুর ও রাজশাহী অফিসে তিনটি করে বিশেষ কাউন্টার চালু থাকছে।
এসব শাখা থেকে বিশেষ ব্যবস্থায় নতুন নোট দেয়া হবে। এর পাশাপাশি ব্যবসায়ীরা খুচরা নোট চাইলে এসব শাখাসহ যে কোনো ব্যাংক শাখা থেকে নিতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এ বছর রোজার ঈদে ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছিল। রাজধানীর বিভিন্ন ব্যাংকের ২০টি শাখার মাধ্যমে নোট বদলে দেয়া হয়েছিল। এবারও বাজারের চাহিদা অনুযায়ী ২০টি শাখা থেকে ২৪ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হচ্ছে।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





