প্রতিবছর কোরবানির পশুর হাটে বড় অঙ্কের নগদ অর্থের লেনদেনকে কেন্দ্র করে সক্রিয় হয় জাল নোট চক্রগুলো। এসব চক্রের অপতৎপরতা রোধ এবং জাল নোটের বিস্তার ঠেকাতে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২২টি অস্থায়ী পশুর হাটে নোট শনাক্তকারী মেশিন নিয়ে বসবে ৪৭টি দেশি-বিদেশি বাণিজ্যিক ব্যাংক।
প্রতিটি হাটে থাকবে কোনো না কোনো ব্যাংকের জাল নোট শনাক্তকরণ বুথ। এই বুথগুলো থেকে হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের বিনা খরচে নোট যাচাইসংক্রান্ত সেবা দেবে ব্যাংকগুলো।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ নির্দেশনা জারি করে একটি সার্কুলার লেটার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, ঢাকার বাইরের যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে সেখানে সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভার অনুমোদিত পশুর হাটগুলোতে অনুরূপ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হলো।
যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস নেই সেখানে সোনালী ব্যাংকের শাখাগুলোকে অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জাল নোট শনাক্তকরণ মেশিন ও বুথ সেবার পাশাপাশি প্রতিটি ব্যাংক শাখার ভেতরে প্রদর্শিত টিভি মনিটরে আসল নোট চেনার বৈশিষ্ট্য সংবলিত তথ্য নিয়ে তৈরি করা ভিডিও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের আগের শেষ তিন কর্মদিবসে লেনদেন চলার পূর্ণ সময়ে (ব্যাংকিং আওয়ার) এ ভিডিও প্রদর্শন করতে হবে।
তা ছাড়া হাটগুলোতে দায়িত্ব পালনের জন্য প্রতিটি ব্যাংকের একজন উপযুক্ত কর্মকর্তাকে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। দায়িত্ব পালনকারী সব কর্মকর্তাকে ব্যাংকের প্রযোজ্য বিধি অনুযায়ী প্রয়োজনীয় আর্থিক সুবিধা দিতেও বলা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি হাটের মধ্যে মিরপুর-গাবতলী গবাদি পশুর হাটে সোনালী, সীমান্ত, ঢাকা ও পূবালী ব্যাংক জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করবে। উত্তরা ১৫ নম্বর সেক্টরের প্রথম গোলচত্বরসংলগ্ন পশুর হাটে স্ট্যান্ডার্ড, শাহজালাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক দায়িত্ব পালন করবে।
খিলক্ষেত ৩০০ ফুট সড়ক ও দক্ষিণ পাশের বসুন্ধরা প্রাচীরসংলগ্ন হাটে ব্যাংক এশিয়া ও প্রাইম ব্যাংক, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গাসংলগ্ন হাটে ট্রাস্ট ও আইএফআইসি ব্যাংক, ভাটারা (সাইদনগর) পশুর হাটে যমুনা ও ব্র্যাক ব্যাংক, বসিলা পুলিশ লাইনসংলগ্ন হাটে অগ্রণী ও মেঘনা ব্যাংক, পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠে ওয়ান ও উত্তরা ব্যাংক, ইস্টার্ন হাউজিংসংলগ্ন হাটে সিটি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক, মিরপুর ডিওএইচএসসংলগ্ন হাটে ব্যাংক আলফালাহ ও বেসিক এবং উত্তরখান মৈনারটেক শহিদনগর হাউজিংসংলগ্ন হাটে ইস্টার্ন ব্যাংক ও বিডিবিএল জাল নোট শনাক্তকরণ বুথের মাধ্যমে সেবা প্রদান করবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২টি কোরবানির পশুর হাটের মধ্যে খিলগাঁও রেলগেটসংলগ্ন হাটে এবি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নোট যাচাইয়ে বুথ বসাবে। ব্রাদার্স ইউনিয়নের বালুর মাঠসংলগ্ন গোপীবাগ হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করবে এইচএসবিসি ও এনসিসি ব্যাংক।
এ ছাড়া ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন হাটে মিডল্যান্ড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রহমতগঞ্জ খেলার মাঠে বাংলাদেশ কমার্স ও মার্কেন্টাইল ব্যাংক, ঝিগাতলা পশুর হাটে এক্সিম ও এনআরবি গ্লোবাল, কমলাপুর স্টেডিয়ামের পূর্ব পাশের হাটে এনআরবি ও এসবিএসি ব্যাংক, ধুপখোলা হাটে ডাচ্-বাংলা ও সোস্যাল ইসলামী ব্যাংক, পোস্তগোলা হাটে রূপালী ও ইসলামী ব্যাংক, দনিয়া হাটে মধুমতি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মেরাদিয়া বাজারসংলগ্ন হাটে ফার্স্ট সিকিউরিটি ও কৃষি ব্যাংক, কামরাঙ্গীর চর হাটে ন্যাশনাল ও সাউথইস্ট ব্যাংক এবং শ্যামপুর বালুর মাঠসংলগ্ন হাটে জনতা, ইউসিবি ও ফারমার্স ব্যাংক জাল নোট যাচাইসংক্রান্ত সেবা প্রদান করবে।





