ডেবিট কার্ড জালিয়াতি মামলা তদন্তের প্রয়োজনে স্ট্যান্ডার্ড ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ (এসভিপি) ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদের  নোটিস পাঠানো হয়েছে।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মশিউর রহমান এ নোটিস করেছেন।

নোটিসে আগামী ২২ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হাজির থাকতে বলা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র নোটিস পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন।

যাদের নোটিস পাঠানো হয়েছে- তারা হলেন- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের আইসিসিডি শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) এস এম অলিউল হাসান, একই শাখার সিনিয়র অফিসার (এসও) এস তানজীম হামিদ, ব্যাংকের প্রিন্সিপ্যাল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) এ এইচ এম মঞ্জুর কাদের খাঁন, মোহাম্মদপুর শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) জোয়ারদার ইলিয়াস রহমান, একই শাখার এসও শামীম আরা তানিয়া ও প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসার (ইও) গৌরাঙ্গ চন্দ্র সরকার।

জানা গেছে, ২০১৩ সালের ২ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর (ডিএমপি) থানায় মামলাটি (মামলা নং-৪) দায়ের করা হয়। মামলায় ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মো. সুমন খান স্ট্যান্ডার্ড  ব্যাংক লিমিটেডের মোহাম্মদপুর শাখার পাঁচজন গ্রাহকের হিসাব থেকে ডেবিট কার্ড জালিয়াতির মাধ্যমে ১৬ লাখ সাত হাজার টাকা আত্মসাৎ করেছে বলে উল্লেখ করা হয়েছে।

এএইচ