শিশুখাদ্যের কাঁচামাল আমদানি শুল্কমুক্ত ও  ওই সকল পণ্যের মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করার দাবি করেছে বাংলাদেশ সয়বিন এণ্ড সয়াফুডস প্রোডিউসার্স এসোসিয়েশন।
সোমবার এনবিআরের সাথে প্রাক বাজেট আলোচনায় সংগঠনটির  সভাপতি আবদুস সালাম এ দাবি জানান।
এ সময় আব্দুস সালাম জানান, বর্তমানে শিশুখাদ্যের কাঁচামাল আইসোলেটেড সয়াপ্রোটিন ও রাইস প্রোটিন আমদানিতে কোনো শুল্ক রাখা হয়নি। শিশুদের পুষ্টি নিশ্চিত বৈদেশিক মুদ্রা সাশ্রয়, শিশুখাদ্যে ভেজাল বন্ধ করতে পূর্বের ন্যায় আগামি বাজেটেও এখাতে আমদানীকৃত পণ্যে শুল্ক শুণ্য শতাংশ রাখার দাবি জানাচ্ছি।
এছাড়া শিশুখাদ্য কাজুবাদাম আমদানিতে বর্তমান অবস্থায় শুল্ক ১০ দশমিক ৫ শতাংশ, মূসক ১৫ শতাংশ, এআইটি ৫ শতাংশ ও এটিভি ৫ শতাংশ নির্ধারিত আছে। তবে এটি শিশুখাদ্য  বলেই শিশুদের পুষ্টিহীনতা দূর করতে কাজুবাদাম আমদানিতে শুল্ক শূন্য শতাংশ এবং মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করার প্রস্তাব জানান তিনি।
বর্তমানে সূর্যমূখী তেল আমদানিতে শুল্ক ১০ শতাংশ, মূসক ১৫ শতাংশ ও এটিভি ৪ শতাংশ উল্লেখ করে এই খাতে আগামি বাজেটে শুল্ক শূন্য শতাংশ এবং মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করারও প্রস্তাব করেন তিনি।
প্রসঙ্গত দেশে শিশুখাদ্য তৈরির জন্য আইসোলেটেড সয়াপ্রোটিন ও রাইস প্রোটিন, শিশুখাদ্য কাজুবাদাম ও সূর্যমূখী তেল আমদানি করা হয়।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]