বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ব্যাংকের রিজার্ভের টাকা লোপাটের বিষয়ে করণীয় নিয়ে এ সভা ডাকা হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভা স্থগিতের বিষয়ে নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা জানান, ‘মঙ্গলবার পরিচালনা পর্ষদের যে সভা ডাকা হয়েছিল, তা স্থগিত করা হয়েছে। পর্ষদের সদস্যরা নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে পারছে না বলে এ সভা স্থগিত করা হয়েছে।’

এর আগে সোমবার এক ব্রিফিংয়ে শুভংকর সাহা সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানান।

তখন তিনি বলেছিলেন, ‘আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক বোর্ডের জরুরি সভা হবে। গত ৯ মার্চ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা হয়েছিল। সেখানেও এ বিষয়টি (রিজার্ভের টাকা লোপাটের) নিয়ে আলোচনা হয়েছে।

আগামীকালের বৈঠকেও অন্যান্য আলোচ্যসূচির পাশাপাশি এ বিষয়টি গুরুত্ব পাবে।’

গত মাসে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার রিজার্ভ ফিলিপাইন ও শ্রীলঙ্কায় স্থানান্তরিত করে দুর্বৃত্তরা। প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে হ্যাকিংয়ের মাধ্যমে এ টাকা চুরি করা হয়েছে।

ওএফ