ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণ বিতরণের পরিমাণ প্রতিনিয়তই বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে এ খাতে ঋণ বিতরণ আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। যা পুরো বছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা ৫৩ শতাংশ। এ ধারা বজায় থাকলে বছর শেষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি ও উৎপাদনশীল খাতে এসএমই ঋণ বেশি দেয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক গুরুত্ব দিলেও সবচেয়ে বেশি ঋণ যাচ্ছে ব্যবসা খাতে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিতরণ করেছে ৪৭ হাজার ১৩০ কোটি ৩৮ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার ৫২ দশমিক ৯৪ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে পাঁচ হাজার ২৮১ কোটি ৮২ লাখ টাকা বা ১২ দশমিক ৬২ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে দুই লাখ ৬১ হাজার ১৮ জন এসএমই উদ্যোক্তা ঋণ পেয়েছে। আর এসএমই ঋণের মধ্যে সবচেয়ে বেশি ঋণ দেয়া হয়েছে ব্যবসা খাতে। এ খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৫০৬ কোটি ১৭ লাখ টাকা। এরপর গেছে শিল্পখাতে। এ খাতে বিতরণকৃত ঋণের পরিমাণ হচ্ছে ১২৯ হাজার ৯৫৯ কোটি ২৬ লাখ টাকা।

এছাড়া সেবা খাতে তিন হাজার ৬৬৪ কোটি পাঁচ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ২০১৪ সালের একই সময়ে এসএমই উদ্যোগের ম্যানুফ্যাকচারিং, সেবা ও ব্যবসা খাতে ঋণ বিতরণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ক্ষুদ্র খাতেও এসএমই ঋণের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। এ সময়ে ক্ষুদ্র খাতে ২৩ হাজার ৯৫৯ কোটি ৬৮ লাখ টাকা বিতরণ হয় বলে সূত্রে জানা গেছে।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর