চলতি অর্থবছরের (২০১৪-১৫) দ্বিতীয়ার্ধের জন্য (জানুয়ারি-জুন) নতুন মুদ্রানীতি ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে আগামী ছয় মাসের জন্য এ মুদ্রানীতি ঘোষণা করা হয়।
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার সাড়ে ১৫ শতাংশ রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নতুন মুদ্রানীতিতে। এ ছাড়া মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ১৫ শতাংশ। দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে ঘোষিত মুদ্রানীতিতে আশা করা হয়েছে। কৃষিখাতে সুদের হার ২ শতাংশ কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। এর আগে এটি ছিল ১৩ শতাংশ।
এর আগে নতুন মুদ্রানীতির ধরন এবং মুদ্রা ও ঋণ সরবরাহের কর্মসূচি ঠিক করতে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, প্রাক্তন গভর্নর, ব্যাংকার, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের (স্টেকহোল্ডার) মতামত নেয়া হয়েছে। মতামত নেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদেরও।
কেএইচ





