মুনাফায় এমন চমক দেখানোর কারণে কোম্পানিটির শেয়ারের দামেও ইতিবাচক প্রভাব পড়েছে। রোববার (২৩ জুলাই) শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে গেছে। তবে কোম্পানিটির ক্যাশ ফ্লো ঋণাত্মক অবস্থানে রয়েছে।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সিঙ্গার বাংলাদেশের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪ টাকা ৭২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১ টাকা ৪০ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফা ৩ টাকা ৩২ পয়সা বা ২৩৭ শতাংশ বেড়েছে।
এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ৮৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৩১ পয়সা। বিক্রি বাড়া এবং পরিচালন মুনাফা বাড়ায় কোম্পানিটির মুনাফায় এই উন্নতি হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ।
কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮৩ পয়সা, যা ২০২২ সালের ডিসেম্বর শেষে ছিল ২৯ টাকা ৯৭ পয়সা।
অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ২ টাকা ৫৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ৩৪ টাকা ৫ পয়সা।
আর্থিক ব্যয় বেড়ে যাওয়া, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া, স্বল্প মেয়াদি ঋণ বেড়ে যাওয়া এবং আয়কর বাড়ার কারণে ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে পড়েছে বলে জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ।
অপরদিকে, মুনাফার বড় চমক দেখানোর কারণে কোম্পানিটির শেয়ারের দামে ইতিবাচক প্রভাব পড়েছে। রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস ভেঙে দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে বা শেয়ারের ১০ শতাংশ বেড়ে যায়।
তবে দাম বাড়ার সর্বোচ্চ সীমা বেশি সময় ধরে রাখতে পারেনি কোম্পানিটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১০ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ৬৫ শতাংশ।
এনএইচ





