ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান এএইচএম হাবিবুর রহমান।
রোববার (১৯ এপ্রিল) তিনি পদত্যাগপত্র জমা দেন। চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হলমার্ক কেলেঙ্কারির পর ব্যাংকটিকে ভালো অবস্থায় ফিরিয়ে নিতে ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়াসহ বিভিন্ন সুপারিশ করেছিলেন তিনি। এর কোনো একটি সুপারিশও বাস্তবায়ন হয়নি।
বরং কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে পাওনা টাকা আদায় নিয়ে আশঙ্কার মধ্যেই বিপুল পরিমাণ ঋণ দেওয়া হয়। এসব নিয়ে পর্ষদের সঙ্গে তার টানাপোড়েন তৈরি হয়। এর জেরেই হাবিবুর রহমান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে সূত্র জানিয়েছে।
২০১২ সালের ২৭ ডিসেম্বর হাবিবুর রহমানকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের সাবেক ডিন ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেএ





