নোট জালকারী চক্র প্রতিরোধে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনকে (এফবিসিসিআই) দেশের ৬৪টি জেলা শহরের মার্কেটসমূহে বিতরণের জন্য ২০০টি জাল নোট সনাক্তকারী মেশিন হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক।

এফবিসিসিআই অধিভূক্ত সকল জেলা চেম্বার সমূহের তত্ত্বাবধানে জেলা শহরের বিভিন্ন মার্কেট সমূহে এ জাল নোট সনাক্তকারী মেশিন বিতরন করা হবে।

বৃহস্পতিবার এফবিসিসিআই অফিসে সংগঠনের সভাপতি আব্দুল মাতলুব আহমাদের নিকট কেন্দ্রিয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মোসলেম উদ্দিন মেশিন হস্তান্তর করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ ব্যাংকের জাল নোট সনাক্তকারী মেশিন সরবরাহের এ যুগান্তকারী সিদ্ধান্তের ফলে বাজারে জাল টাকার সরবরাহ কমে যাবে এবং দেশে জাল টাকা প্রতিরোধ করা সম্ভব হবে। এ কার্যক্রমের জন্য তিনি বাংলাদেশ ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের এ কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

এ সময় তিনি আরো বলেন, জাল নোট সনাক্তকারী মেশিন খুবই কম মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে, যে কোন ব্যবসায়ী ইচ্ছা করলে তার প্রতিষ্ঠানে এটি সহজেই ব্যবহার করতে পারে। এফবিসিসিআই ও বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ গ্রহন করেছে তা শুধু মাত্র সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি পদক্ষেপ মাত্র। তিনি এফবিসিসিআইয়ের সাথে যৌথভাবে নকল টাকা চেনা ও প্রতিরোধে একটি ট্রেনিং অনুষ্ঠান আয়োজনেরও প্রস্তাব করেন।

উল্লেখ্য, গত ৩০ জুন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ আবুল কাশেম এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন মার্কেট সমূহের প্রতিনিধিদের নিকট ২০০টি জাল নোট সনাক্তকারী মেশিন হস্তান্তর করা হয়।

এআর