শনিবার (৮ নভেম্বর) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করলে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের ফুল দিয়ে স্বাগত জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাহাজটি বন্দরে পৌঁছালে নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি এবং নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা জাহাজটিকে অভ্যর্থনা জানায়।
চট্টগ্রাম অবস্থানকালে পিএনএস সাইফ–এর অধিনায়ক ও কর্মকর্তারা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালীন সময় জাহাজের কর্মকর্তা, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনীর ঘাঁটি ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও পাকিস্তানের এই জাহাজটি পরিদর্শন করবেন।
আইএসপিআর জানায়, পাকিস্তান নৌবাহিনীর এই শুভেচ্ছা সফর দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে পিএনএস সাইফ আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।
এমএম