২০১৫ সালের জুন মাসের মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহজালাল সার কারখানা স্থাপনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ইতোমধ্যে দেশের বৃহত্তম এ সার কারখানার ৭৩ ভাগ নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। বাকি কাজও নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।  শিল্পমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
শিল্পমন্ত্রী বুধবার সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান। তিনি প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, দেশে টেকসই ও জ্ঞানভিত্তিক শিল্পায়নের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। সরকার গৃহিত বিভিন্ন নীতি ও কর্মসূচির ফলে ইতোমধ্যে শিল্পখাতে আশাব্যাঞ্জক অগ্রগতি অর্জিত হয়েছে।
বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বিশ্বের খ্যাতনামা অর্থনীতিবিদদের মন্তব্য উল্লেখ করে তিনি বলেন, আর্থসামাজিক অগ্রগতির চলমান ধারা অব্যাহত রেখে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।  
পরিদর্শন শেষে স্থানীয় স্কাউট দল মন্ত্রীকে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড (এনজিএফএফএল) এর প্রধান ফটকে গার্ড অফ অনার প্রদান করে।
এ সময় সংসদ সদস্য মাহ্মুদ-উস্-সামাদ চৌধুরী, শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ স্থানীয় জনপ্রতিনিধি ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ¦তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি এনজিএফএফএল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  শিল্পমন্ত্রী গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করেন। 
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]