বেসরকারি ব্যাংকের তদারকি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলোয় নিয়মিত পরিদর্শনের পাশাপাশি বিশেষ পরিদর্শন কার্যক্রমও চালানো হবে।
গত শনিবার কেন্দ্রীয় ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকগুলোর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে (অফ সাইট) সুপারভিশন ব্যবস্থা আরো জোরদার করা হবে।
সম্প্রতি কয়েকটি বেসরকারি ব্যাংকের অভ্যন্তরীণ সুশাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বাড়ছে ঋণ জালিয়াতির ঘটনা। গত শনিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। এতে ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে গভর্নর ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংক আরো কঠোর হবে বলে জানান।
জানা গেছে, জাল জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এতদিন সরকারি খাতের ব্যাংকগুলোকে নিয়ে বেশি ব্যস্ত ছিল। সরকারি চারটি বাণিজ্যিক ব্যাংককে তদারকি করতে ব্যাংক পরিদর্শক বিভাগ গঠন করা হয়, ব্যাংকগুলোর নামে করা হয় আলাদা আলাদা তদন্ত ইউনিট। যেমন-সোনালী ব্যাংক তদন্ত করছে সোনালী ইউনিট, জনতা ব্যাংক তদন্ত করছে জনতা ইউনিট, অগ্রণী ব্যাংক তদন্ত করে অগ্রণী ইউনিট এবং রূপালী ব্যাংক তদন্ত করে রূপালী ইউনিট।
কিন্তু বেসরকারি ব্যাংকগুলোর প্রতি এতদিন যথেষ্ট নজর দেয়নি কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে কয়েকটি ব্যাংকে বড় ধরনের জালিয়াতির ঘটনা ধরা পড়ায় এখন কেন্দ্রীয় ব্যাংক এদিকে আরো বেশি নজর দিচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে দেখা যায়, সম্প্র্রতি বেসরকারি খাতের কয়েকটি ব্যাংকের বিতরণ করা ঋণের গুণগত মান বিচারে অবস্থার অবনতি হয়েছে। একপর্যায়ে এগুলো খেলাপিতে পরিণত হচ্ছে। বিশেষ সুবিধায় নবায়ন করা হলেও নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছে না ঋণগ্রহীতারা। ফলে আবার খেলাপি হয়ে যাচ্ছে এসব ঋণ। এসব কারণে সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গেছে।
এরই মধ্যে ন্যাশনাল ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গেছে। খেলাপি ঋণের বিপরীতে মুনাফা থেকে প্রভিশন করতে হচ্ছে। এতে শেয়ারহোল্ডাররা প্রত্যাশিত লভ্যাংশ পাচ্ছে না। প্রভিশনের একটি অংশ কর মওকুফ সুবিধা পাওয়ায় সরকারের কোষাগারে রাজস্ব যাচ্ছে কম। ব্যাংকটি ঝুঁকির মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমানতকারীরা।
ঢাকা, ৯ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





