রফতানি বৃদ্ধির জন্য পণ্য বৈচিত্রকরণের পাশাপাশি রপ্তানির নতুন বাজার খুঁজে বের করতে দেশের শিল্প উদ্যোক্তাদের প্রতি পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ইউরোপ ছাড়াও সার্কভূক্ত দেশ, আসিয়ান অঞ্চল, চীন ও জাপানে বাংলাদেশি পণ্য ক্রমেই শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাচ্ছে। আঞ্চলিক বাণিজ্যের এ সুবিধা কাজে লাগাতে তিনি পরিকল্পিতভাবে শিল্প-কারখানা স্থাপন ও পণ্যের গুণগত মানোন্নয়নের তাগিদ দেন।
বৃহস্পতিবার রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত “আগামি দশকের জন্য শিল্পায়নের কৌশল” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
শিল্পমন্ত্রী বলেন, বিশ্বায়নের ফলে জনবহুল বাংলাদেশের জন্য আর্থ-সামাজিক উন্নয়নের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে উদ্যোগ নিতে হবে। টেকসই অর্থনীতি ও শিল্পায়নের স্বার্থে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সাথে আলোচনা করে ব্যবসা-বাণিজ্য ও শিল্প সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি পরনির্ভরশীলতা কাটিয়ে ধীরে ধীরে শক্তভিত্তির ওপর দাঁড়াচ্ছে। এক সময় বাংলাদেশ বাজেটে অর্থ সংস্থানের জন্য দাতাদের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হলেও, এখন এ পরিস্থিতি নেই।
বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শিল্পখাতের অবদান দিন দিন বাড়ছে বলে তারা উল্লেখ করেন। তারা টেকসই অর্থনীতির জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো পরামর্শ দেন।
বক্তারা বলেন, প্রতি বছর দেশে প্রায় ২০ লাখ লোক বেকার জনগোষ্ঠির তালিকায় যোগ হচ্ছে। এদের কর্মসংস্থানের জন্য নতুন ৭টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে শিল্পায়ন জোরদার করতে হবে।
দেশিয় শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য তারা এলএনজি আমদানি ও এ সংক্রান্ত অবকাঠামো গড়ে তোলার পরামর্শ দেন। বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনে বিপ্লব সৃষ্টি করলেও ভবিষ্যৎ চাহিদা মেটাতে তারা দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তাগিদ দেন।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর প্রেসিডেন্ট এ.কে.আজাদ এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর অতিরিক্ত পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফরহাদ উদ্দিন, বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ.আর.খান, এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, বিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ বিভিন্ন অ্যাসোসিয়েশন ও ট্রেডবডির নেতা, শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা আলোচনায় অংশ নেন।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
রফতানির বাজার খুঁজে বের করার আহ্বান শিল্পমন্ত্রীর
রফতানি বৃদ্ধির জন্য পণ্য বৈচিত্রকরণের পাশাপাশি রপ্তানির নতুন বাজার খুঁজে বের করতে দেশের শিল্প উদ্যোক্তাদের প্রতি পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ইউরোপ ছাড়াও সার্কভূক্ত দেশ, আসিয়ান অঞ্চল, চীন ও জাপানে বাংলাদেশি পণ্য ক্রমেই শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাচ্ছে।





