শুক্রবার (২১ নভেম্বর) সকালে ধানমন্ডি রায়েরবাজার ও মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীদের দাবি, গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম সামান্য কমেছে। শীতের সবজি পুরোপুরি বাজারে আসলে দাম আরও কমবে। তাদের মতে, মৌসুমের শুরুতে টমেটোর দাম একটু বেশি থাকে—যা সময়ের সঙ্গে কমে আসে। বর্তমানে বড় দেশি টমেটো বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, আর ছোট টমেটো ১২০–১৪০ টাকায়।
সবজির বর্তমান দাম ফুলকপি: ৫০–৬০ টাকা (প্রতি পিস), বাঁধাকপি: ৪০–৫০ টাকা, বেগুন: ৭০–৮০ টাকা, করলা: ৮০–৯০ টাকা, ঢেঁড়শ: ৬০ টাকা, বরবটি: ৮০ টাকা, মুলা: ৫০ টাকা, লতি: ৮০ টাকা, ধুন্দুল: ৫০–৬০ টাকা, পটোল: ৬০ টাকা, পেঁপে: ২০–৩০ টাকা, গাজর: ৮০ টাকা, কচুরমুখী: ৬০ টাকা, শিম: ১০০–১২০ টাকা, শালগম: ৭০–৮০ টাকা, শসা: ৬০ টাকা, কাঁচা মরিচ: ১৬০–১৮০ টাকা, লাউ: ৫০–৬০ টাকা (প্রতি পিস), লেবু: ৬০ টাকা (ডজন), আলু: ২০–২৫ টাকা (প্রতি কেজি), ধনেপাতা: ১০০ টাকা (প্রতি কেজি)।
শাকসবজির দামে কিছুটা স্বস্তি এসেছে। আগে যেখানে এক আঁটি শাক ২০–৩০ টাকায় বিক্রি হতো, এখন বেশিরভাগ শাক ১০–১৫ টাকায় মিলছে। লালশাক, মুলাশাক, ডাঁটাশাক ও কলমিশাক ১০ টাকায় পাওয়া যাচ্ছে; পুঁইশাক ২০–৩০ টাকায়।
বাজারে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও পাইকারি দামে স্বস্তি নেই বলে জানাচ্ছেন খুচরা বিক্রেতারা। পাইকারিতে ৯০–১০০ টাকায় কিনতে হওয়ায় খুচরায় ১১০–১২০ টাকার নিচে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
মোহাম্মদপুর টাউন হল মার্কেটে কেনাকাটা করতে আসা আনোয়ার হোসেন বলেন, বাজারে সব ধরনের শীতের সবজি আছে ঠিকই, কিন্তু দাম এখনো বেশ চড়া। নিম্ন আয়ের মানুষের জন্য দাম আরও কিছুটা কমলে ভালো হতো।
এনএইচ