প্রথমবারের মতো "বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড-২০১৩" প্রদান করা হয়েছে ২৪ জন প্রবাসী ও অনিবাসি বাংলাদেশীকে। ২০১৩ সালে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ এবং বন্ডে বিনিয়োগের জন্য তাদেরকে এই পুরস্কার দেয়া হয়।
রোববার রাজধানীর হোটেল পূর্বানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের উপস্থিত হওয়ার কথা থাকলে তিনি অসুস্থ্যতার কারণে উপস্থিত হতে পারেননি। তার অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে রেমিটারগণের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর।
তিনি বক্তব্যে বলেন, "আপনারা যারা বিদেশের মাটিতে কাজ করেন তারা একেক জন আমাদের দেশের পতাকা। আমাদের মুক্তিযুদ্ধের প্রতীক।"
সবাইকে হুন্ডি বা অন্য কোনো অবৈধ পন্থায় টাকা না পাঠিয়ে বৈধ পন্থায় টাকা পাঠানোর অনুরোধ করেন তিনি। সেই সঙ্গে আগামী বছর পুরস্কারের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে বলেও জানান ডেপুটি গভর্নর এস কে সুর।
প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ মাহতাবুর রহমান। প্রবাসীদের জন্য ভিন্ন ইপিজেড করার জন্য দাবি জানান তিনি। সেই সঙ্গে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে ডলার বা পাউন্ড ক্রয়-বিক্রয়ের পার্থক্য কমানোর দাবিও জানান মাহতাবুর রহমান।
অ্যাওয়ার্ডধারীরা হলেন- যুক্তরাজ্যের সেশায়ারে অবস্থানরত মহিউল মোহাম্মদ খান, ইউ এ ই এর আজমনে অবস্থানরত মোহাম্মদ মাহতাবুর রহমান, ইউ এস এ, নিউইয়র্কের জ্যামাইকায় অবস্থানরত মো. রেজাউল হাসান, কুয়েতের কুয়েত সিটিতে অবস্থানরত জাকির হোসেন, নাজমুল হোসেন গাজী, ইউ এ ই এর দুবাইয়ে অবস্থানরত আবুল কালাম, এস কে এম একরামুজ্জামান, মোহাম্মদ এমাদুর রহমান, হংকং এর মংককে অবস্থানরত সাইদুর রহমান হাবিব, ইউ এ ই এর এলিয়েনে অবস্থানরত জাফর আহমেদ, ইউএসএ এর টেক্সাসে অবস্থানরত নিজাম মোহাম্মদ মিয়া, জার্মানির গ্রেট ব্রেকহামের ওয়াসবার্গে অবস্থানরত সৈয়দ আব্দুল কাইয়ুম, ফিলিপাইনের মেট্রোপলিটন এফ মাকাটি সিটিতে অবস্থানরত আবু তাহের মোহাম্মদ আমানুল্লাহ, যুক্তরাজ্যের মিডলসেস্কে অবস্থানরত ডা. মীর আজমল আলী, ইতালির নেপলিতে অবস্থানরত ওহিদ মোল্লা, যুক্তরাজ্যে শফি আহমেদ চৌধুরী, কুয়েতে মো. ইমদাদুল ইসলাম, অস্ট্রেলিয়ার সিডনিতে মো. মুকিতুর রহমান, মালয়েশিয়ার কুয়ালামপুরে আহমাদুল আমিন, পাপুয়া নিউগিনিতে অবস্থানরত রবিন রহমান।
এছাড়া বন্ডে বিনিয়োগকারীগণ হল ইউ এ ই এর দুবাইয়ে অবস্থানরত মোহাম্মদ অলিউর, আব্দুল করিম, মো. আক্তার হোসাইন, কানাডায় অবস্থনরত মিজান মোহাম্মদ।
জেডআই





