[b]ঢাকা: [/b]রাশিয়ার বেকারত্বের হার বিশ্বে সর্বনিম্ন বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। গত শুক্রবার মস্কোয় এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
মেদভেদেভ আরো জানান, বর্তমানে রাশিয়ার কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র ৫ দশমিক ৫ শতাংশ বেকার, যা বিশ্বের গড় বেকারত্বের চেয়ে অনেকটাই কম।
তিনি জানান, বিশ্বের অন্যান্য উন্নত দেশের বর্তমান অবস্থানের তুলনায় রাশিয়া বেশ এগিয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ও এশিয়ার দেশগুলো। কিন্তু এর পরও বেকারত্বের সার্বিক অবস্থার ওপর সরকার নজর রাখছে। বিশেষ করে একটি শিল্পে নির্ভরশীল এমন এলাকার নাগরিকদের ওপর বেশি খেয়াল রাখা হচ্ছে।
মেদভেদেভ আরো বলেন, ‘দেশটির সরকার চাকরি সংরক্ষণ করে রাখছে না। তবে যে উপায়ে ছাঁটাই করা হবে, সেখানে অবশ্যই নতুন কর্মসংস্থানের বিষয়টি যোগ রাখতে হবে। আর তা সম্ভব হলেই আমাদের অর্থনীতিকে উদ্যোগী করে তুলতে পারব।’
এদিকে বর্তমানে রাশিয়ার সরকার বেশ উচ্চাকাঙ্ক্ষী একটি লক্ষ্যমাত্রা নিয়েছে। এর আওতায় আগামী কয়েক বছরে তারা দেশটির উচ্চ প্রযুক্তি খাতে কয়েক কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এর বিপরীতে অপেক্ষাকৃত কম দক্ষদের ক্রমন্বয়ে ছাঁটাইয়ের লক্ষ্যও    নিয়েছে তারা।
গত শুক্রবার দেশটির সর্ববৃহত্ গাড়ি নির্মাতা কোম্পানি অটোভেজ জানায়, চলতি বছর তারা সাড়ে ৭ হাজার কর্মী ছাঁটাই করবে। মূলত রাশিয়ার বাজারে কোম্পানিটির গাড়ির চাহিদা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে ব্যয়সংকোচনে এ পরিকল্পনা নিল তারা। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ওলগা গোলোডেটস জানান, চলতি বছর দেশটিতে সব মিলিয়ে ১ লাখ ৫০ হাজার নাগরিক চাকরি হারাবে। তবে একে খুবই সাধারণ বিষয় বলে উল্লেখ করেন তিনি। সূত্র: সিনহুয়া।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]