বিক্রেতাদের দাবি, বৃহস্পতিবারের রাজনৈতিক নানা কর্মসূচির কারণে ঢাকায় সবজি পরিবহনকারী ট্রাক আগের তুলনায় কম ঢুকেছে। ফলে পাইকারি বাজারে সরবরাহ কমে গিয়ে খুচরা বাজারে দামের ওপর চাপ পড়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজিতেই উল্লেখযোগ্য বাড়তি মূল্য ধার্য রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে পটল কেজিতে ৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ টাকার মতো। শিম ১২০ টাকা, বেগুন ১০০ টাকা, পেঁয়াজের ফুল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, চিচিঙা ৮০ টাকা, বরবটি ১২০ টাকা এবং করলা ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া শসা ৮০ টাকা, আলু ৩০ টাকা, কচু ৬০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, লাউ ৭০–৮০ টাকা, কাঁচা টমেটো ১০০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, মূলা ৬০ টাকা, পাকা টমেটো ১৪০ টাকা এবং গাজর ১৪০ টাকায় পাওয়া গেছে।

বাড্ডা বাজারে কেনাকাটা করতে আসা চাকরিজীবী আব্দুল আলিম বলেন, “গত সপ্তাহে যে সবজি কম দামে কিনেছি, আজ সেগুলোর প্রতিটিতেই ২০–৩০ টাকা বেশি দিতে হচ্ছে। শীত আসার পর সবজি সস্তা হবে—এটাই স্বাভাবিক। কিন্তু আজ উল্টো দাম আরও বেশি।”

গুলশান–বাড্ডা লিংক রোডের সবজি বিক্রেতা এরশাদ আলী জানান, “সকালেই কারওয়ান বাজারে গিয়ে দেখি সবজির দাম বেড়ে গেছে। সরবরাহও কম ছিল। ফলে বেশি দামে কিনে আনতে হয়েছে, যার প্রভাব খুচরা বাজারে পড়েছে।”

একই কথা জানালেন কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী শরিফুল ইসলাম। তিনি বলেন, “রাজনৈতিক কর্মসূচির কারণে গতকাল বিভিন্ন জেলা থেকে ট্রাক কম এসেছে। সাধারণত শীতের শুরুতে সবজির দাম কিছুটা কম থাকে, কিন্তু সরবরাহ কমে যাওয়ায় এবার উল্টো দাম বাড়ল।”

এনএইচ