জেলার কোটালীপাড়া উপজেলায় জনতা ব্যাংক শাখার সাবেক ব্যবস্থাপক ও ২ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পল্লী ঋণের অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে জনতা ব্যাংক কোটালীপাড়া শাখার এক কর্মকর্তা জানান, টাকার অংক অর্ধকোটি ছাড়িয়ে যাবে।
উপজেলার রামশীল ইউনিয়নের জহরেরকান্দি গ্রামের মৃত সাধন বিশ্বাসের দুই ছেলে ক্ষিতিশ বিশ্বাস ও কুমোদ বিশ্বাসের বাড়িতে গত মার্চ মাসের প্রথম দিকে জনতা ব্যাংক কোটালীপড়া শাখা থেকে একটি নোটিশ পাঠানো হয়। এই নোটিশ পাওয়ার পরে ক্ষিতিশ বিশ্বাসের ছেলে দিগ্বিজয় বিশ্বাস ব্যাংকে যোগাযোগ করেন। ব্যাংক থেকে জানানো হয়, তার বাবা ও চাচা দু’জনে মিলে ৯০ হাজার টাকা পল্লী ঋণ উত্তোলন করেছেন। তবে তাদের অভিযোগ কোনো ঋণ নেয়নি তারা।
এ ব্যাপারে দিগ্বিজয় বিশ্বাস বলেন, আমার বাবা ১০ বছর আগে ও চাচা ১২ বছর আগে মারা গেছেন। ব্যাংকের সাবেক ব্যবস্থাপক আশিস কুমার বিশ্বাস ও তদন্ত কর্মকর্তা সুধন্য কুমার হালদার মিলে ভুয়া কাগজপত্র তৈরী করে পল্লী ঋণ উত্তোলন করেন।
কোটালীপাড়া জনতা ব্যাংক শাখার সাবেক ব্যবস্থাপক আশিস কুমার বিশ্বাস ও তদন্ত কর্মকর্তা উপানন্দ বালা জনতা ব্যাংক সাতপাড় শাখায় কর্তব্যরত রয়েছেন। অপর তদন্ত কর্মকর্তা পলাতক রয়েছে।
উপজেলার হিরণ গ্রামের হাকিম শেখের ছেলে রফিক শেখ বলেন, গত বছর মে মাসে জনতা ব্যাংক কোটালীপাড়া শাখা থেকে আমাকে একটি নোটিশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, আমি ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ৫০ হাজার টাকা ঋণ উত্তোলন করেছি। নোটিশ পাবার পরে ব্যাংকে যোগাযোগ করে জানতে পারি তদন্ত কর্মকর্তা উপানন্দ বালা ও এলাকার ব্যাংকের দালাল সিদ্দিক মিলে ভুয়া কাগজপত্র দিয়ে আমার নামে পল্লী ঋণ উত্তোলন করেছে।
রামশীল ইউনিয়নের কবরবাড়ী গ্রামের মৃত ছাবেদ আলী মুন্সীর ছেলে চাঁদ মিয়া মুন্সী বলেন, আমি এক বছর আগে জনতা ব্যাংক কোটালীপাড়া শাখা থেকে ১ লাখ ২০ হাজার টাকা পল্লী ঋণ গ্রহণ করি। গত নভেম্বর মাসে এলাকায় পল্লী ঋণ আদায়ের সুদসহ সকল ঋণের টাকা পরিশোধ করি। কিন্তু মার্চ মাসে আমাকে ব্যাংক থেকে টাকা পরিশোধের জন্য নোটিশ দেওয়া হয়।
এ ব্যাপারে জনতা ব্যাংক কোটালীপাড়া শাখার সাবেক ব্যবস্থাপক আশিস কুমার বিশ্বাস এবং তদন্ত কর্মকর্তা উপানন্দ বালার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
বর্তমান শাখা ব্যবস্থাপক কাজী ইমদাদুল হক জানান, এই শাখায় ১৬ কোটি টাকা পল্লী ঋণ বকেয়া রয়েছে। আমি শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করে চলতি বছরের শুরুতে ৬৫০ জন ঋণ গ্রহীতাকে নোটিশ দিয়েছি। এদের মধ্যে ৫০টি অভিযোগ পাওয়া গেছে।
জনতা ব্যাংক লিমিটেড ফরিদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. জয়েনউদ্দিন অভিযোগের কথা স্বীকার করে জানান, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
অর্থনীতি
এবার গোপালগঞ্জে জনতা ব্যাংকে লুট
জেলার কোটালীপাড়া উপজেলায় জনতা ব্যাংক শাখার সাবেক ব্যবস্থাপক ও ২ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পল্লী ঋণের অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।নাম প্রকাশ না করার শর্তে জনতা ব্যাংক কোটালীপাড়া শাখার এক কর্মকর্তা জানান





