বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ঋণ খেলাপি করা অভ্যাসে পরিণত হয়েছে। খেলাপি গ্রাহকরা যাতে কোনো ধরনের ছাড় না পায় সে বিষয়ে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপকদের উদ্দেশ্য গভর্নর বলেন, মন্দ গ্রাহকদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে আমরা দ্বিধা করব না। এজন্যে ব্যাংকগুলোকে সব সময় গুণমানের ঋণ দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে আপনারা নজরদারি অব্যাহত রাখবেন।
রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ব্যাংকের মহাব্যবস্থাপকদের নিয়ে আয়োজিত দিনব্যাপী এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ব্যাংকগুলোতে খেলাপি ঋণ, বিনিয়োগে মন্থর গতি ও ব্যাংকের শাখা পর্যায়ের অনিয়মসহ কিছু অস্বস্তিকর দিক আছে । ২০১৩ সালের প্রলম্বিত রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্বমানের শ্রেণিবিন্যাস ও প্রভিশনিং নিয়ম চালুর কারণে খেলাপি ঋণের হার এককালীন উল্লম্ফন হয়েছে। আপনাদের মাধ্যমে ব্যাংকগুলোকে ঋণ আদায়ে আরো মনোযোগী হতে ক্রমাগত নির্দেশ এবং সময়োপযোগী নীতি গ্রহণের কারণে খেলাপি ঋণের হার কমবে।
তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকিং কিছু অনিয়ম ধরা পড়ে, যা বাংলাদেশ ব্যাংক শক্ত হাতে নিয়ন্ত্রণ করেছে। এ ধরনের ব্যাংকিং অনিয়মের পুনরাবৃত্তি রোধ ও আর্থিক জালিয়াতি বন্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারসহ নজরদারি আরো জোরদার করেছে। প্রাসঙ্গিক ড্যাশবোর্ড চালু করে নজরদারির গুণমানে ব্যাপক উন্নতি আনা হয়েছে। আপনারা এই ড্যাশবোর্ডকে কাজে লাগিয়ে নজরদারি আরো জোরদার করবেন ।
সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজর, চিফ ইকোনমিস্ট, ম্যাক্রো প্রুডেন্সিয়াল কনসালটেন্ট, নির্বাহী পরিচালকরাসহ মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
এমকে





