আগামী ২৬ জুলাই চলতি বছরের প্রথমার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আগামী ২৬ জুলাই, শনিবার সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের ৫ম তলার জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে জুলাই-ডিসেম্বর, ২০১৪ (ছয় মাসের) সালের মুদ্রানীতি ঘোষণা করবেন।

উল্লেখ্য, অন্যান্য বছরের ন্যায় এবছরও গভর্নর ড. আতিউর রহমান দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশিষ্ট ব্যাংকার, প্রাক্তন গভর্নর, প্রাক্তন মন্ত্রী, বিশিষ্ট সাংবাদিক/কলামিষ্ট, সাবেক অর্থ উপদেষ্টা, প্রাক্তন সচিবসহ মুদ্রানীতি সংশ্লিষ্ট সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত, পরামর্শ ও তাদের সাথে আলোচনা করে এই মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছেন।

জানা গেছে, এবার মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যমাত্রা নিয়ে নতুন মুদ্রানীতি প্রণয়ন করা হবে। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবাহের দিকে নজর দেওয়া হবে। নতুন মুদ্রানীতি পুঁজিবাজারবান্ধব হবে বলে জানা গেছে।

জানা গেছে, নতুন নীতিমালা অনুযায়ি এথন থেকে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের দুই জন থাকতে পারবে না।

ঢাকা, ২৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর