চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসেও দরপতন অব্যাহত রয়েছে দেশের অন্যতম পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
আজ বুধবার ডিএসই'র প্রধান সূচক পতন হয়েছে ১৪.২৫ পয়েন্টের। দিনশেষে সূচক ৪৬৮১.৫৩ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে।
লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির দর বাড়লেও বড় মূলধনী কোম্পানিগুলোর দর কমে যাওয়ায় পতনের বৃত্ত থেকে বের হতে পারেনি বাজার। এ নিয়ে চলতি সপ্তাহের ৪ কার্যদিবসই পতন দিয়ে শেষ হল বাজারের লেনদেন। এ সময়ে ডিএসই সূচকের পতন হয়েছে ৮৫ পয়েন্টেরও বেশী। এর আগে গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছিল লেনদেন।
সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট অস্থিরতার সহসাই উত্তরণ ঘটার সম্ভাবনা ক্ষীণ থাকার কারণে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগের ঝুঁকি নিচ্ছেন না। উপরন্তু চলতি সপ্তাহে ক্রমাগত দরপতনের কারণে বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা আরও বেড়েছে। ফলে পতনের বিৃত্তে ঘুরপাক খাচ্ছে বাজার।
এদিকে বাজারে লেনদেনের গতিও মন্থর হয়ে পড়েছে। চলতি সপ্তাহের প্রথমদিন ডিএসইতে ৩০০ কোটি টাকার বেশী (৩৩৬ কোটি ৩৫ লাখ টাকা) লেনদেন হলেও তা এখন ২০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। আজ লেনদেন হয়েছে ২২১ কোটি ৪৭ লাখ টাকা।
মঙ্গলবারের তুলনায় লেনদেন বেড়েছে মাত্র ৪৫ লাখ টাকা। বর্তমানে বাজার মূলধন, তালিকাভুক্ত কোম্পানি, বিনিয়োগকারীর সংখ্যা বিবেচনায় লেনদেনের এ পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক কম বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, বাজারের গভীরতা অনুযায়ী গড়ে প্রতিদিন ৮০০ থেকে হাজার কোটি টাকা লেনদেন হওয়া উচিত।
ডিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১৫৬টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।
গত কয়েক দিন ধরে লেনদেনের শীর্ষস্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার। আজও তার ব্যতিক্রম হয়নি। ১৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার হাত বদলের মাধ্যমে শীর্ষস্থান দখলে রেখেছে বিদুৎ খাতের এ কোম্পানিটি।
৯ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার হাতবদলের কারণে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাফার্জ সুরমা সিমেন্ট। গতকাল এটি লেনদেনের চতুর্থ স্থানে ছিল। শেয়ার লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে গ্রামীণ ফোন, সামিট এ্যালায়েন্স পোর্ট, সোশ্যাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, অলিম্পক কোম্পানি।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনশেষে সাধারণ মূল্য সূচকের সামান্য উন্নতি হয়েছে। আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বড়ে সিএসইএক্স সূচক ৮৭২৩ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। গতকাল সূচক কমেছিল ৫৯.৮৮ পয়েন্ট।
সূচকের পাশাপাশি সিএসইতে লেনদেনের পরিমানও বেড়েছে। গতকালের ১৯ কোটি ৬৮ লাখ ৭২ হাজার টাকার বিপরীতে আজ লেনদেন হয়েছে ২২ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার টাকা। আজ লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।
এমকে





