ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে গত ৩ মাসে নারী উদ্যোক্তা বেড়েছে ৭৮ শতাংশেরও বেশি। তবে গত বছরের একই সময়ের তুলনায় উদ্যোক্তার হার কমেছে ৪৬ দশমিক ৬৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ৯ হাজার ৫০৯ জন নারী উদ্যোক্তা এসএমই ঋণ নিয়েছেন। আর প্রথম তিন মাস (জানুয়ারি-মার্চ) মাসের মধ্যে ঋণ নিয়েছিলেন ৫ হাজার ৩৪০ জন উদ্যোক্তা। অর্থাৎ উদ্যোক্তা বেড়েছে ৭৮ দশমিক শূন্য ৭ শতাংশ।
এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এসব নারী উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ঋণ বিতরণ করেছে ৯৫৯ কোটি ২২ লাখ টাকা। আর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৮৩৩ কোটি ১৯ লাখ টাকা। এক্ষেত্রে উদ্যোক্তা বাড়লেও কমেছে ঋণ গ্রহণের পরিমাণ।
তথ্যানুযায়ী, ২০১৩ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ঋণ নেওয়া নারী উদ্যোক্তারা সংখ্যা ছিল ১৭ হাজার ৭৫৩ জন। এ হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় নারী উদ্যোক্তা কমেছে ৪৬ দশমিক ৬৩ শতাংশ।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে আরও জানা গেছে, চলতি ২০১৪ সালের প্রথম ৬ মাসে অর্থাৎ জানুয়ারী থেকে জুন মাসের মধ্যে নারী উদ্যোক্তারা ১৩ দশমিক ১৯ শতাংশ সেবা খাতের জন্য, ৫৫ দশমিক ১৫ শতাংশ ব্যবসা খাতের জন্য এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ উৎপাদনশীল খাতের জন্য ঋণ নিয়েছেন।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





