দেড় কোটি ছাড়াল মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক। এ সেবা চালুর চার বছরের মধ্যে চলতি বছরের মার্চ শেষে গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫২ লাখ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বছরের নভেম্বরে গ্রাহক সংখ্যা ১ কোটির মাইলফলক অতিক্রম করে। সব ধরনের মানুষের কাছে সেবাটি গ্রহণযোগ্য হওয়ায় দ্রুততম সময়ে গ্রাহকের আওতা বাড়ছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, মার্চ মাসে মোট ৭ হাজার ৮৪৯ কোটি টাকা লেনদেন হয়েছে। এতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬২ কোটি টাকা। আগের মাস ফেব্রুয়ারির তুলনায় যা ২০ দশমিক ১২ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত উপকারভোগীর কাছে দ্রুত পেঁৗছানোর জন্য ২০১০ সালে মোবাইল ব্যাংকিংয়ের যাত্রা শুরু হয়। তবে এখন তা শুধু এ সেবার মধ্যে সীমাবদ্ধ নেই। এর মাধ্যমে অর্থ পাঠানো, জমা ও উত্তোলন, বেতন ভাতা পরিশোধ, ইউটিলিটি বিল পরিশোধ, ব্যবসায়িক পরিশোধসহ অনেক ধরনের আর্থিক সেবা পরিচালিত হচ্ছে। এসব কারণে অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এ কার্যক্রম। এতে করে অল্প সময়ের মধ্যে গ্রাহকের ব্যাপক সাড়া মিলেছে।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]