অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ২ হাজার ৫৮৯ কোটি টাকার ৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভাকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে  ধরে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ২ লাখ ৬০ হাজার জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, ইনহ্যান্সমেন্ট অব ক্যাপাসিটি অব গ্রীড সাবস্টেশন অ্যান্ড ট্রান্সমিশন লাইন ফর রুরাল ইলেকট্রিফিকেশন। এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ হাজার ৩৩২ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ৯১২ কোটি, সরকারি তহবিল থেকে আসবে ২১২ কোটি টাকা ও পাওয়ার গ্রীড কোম্পানি থেকে আসবে ২০৭ কোটি টাকা। স্কিল ফর ইমপ্লয়মেন্ট ইনভেসমেন্ট প্রোগ্রাম (ফেজ-২) প্রকল্প। এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ হাজার ৫০ কোটি ৫৬ লাখ। এ প্রকল্পে সরকারি তহবিল থেকে ২১৬ কোটি ও বৈদেশিক সহায়তা থেকে ৮৩৪ কোটি টাকা আসবে। বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প (সংশোধিত)। এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮৮ কোটি টাকা। সদর দপ্তরসহ জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ প্রকল্প। এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৭৬ কোটি টাকা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান প্রমুখ।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]