বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে জাতীয় তথ্যপ্রযুক্তি নীতিমালা তৈরি করেছে, তার একটি সফল বাস্তবায়নকারী সংস্থা হিসেবে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অগ্রবর্তী ডিজিটাইজড প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংককে নিয়ে আমি গর্ববোধ করি।’

বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এন্টারপ্রাইজ ডাটা ওয়্যারহাউজের উপস্থাপনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. আতিউর বলেন, ‘বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এবং জ্ঞানভিত্তিক কেন্দ্রীয় ব্যাংক তৈরি করতে যথাযথ তথ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘আধুনিক এন্টারপ্রাইজ ডাটা ওয়্যারহাউজ (ইডিডব্লিউ) সফটওয়্যার বাস্তবায়নের কাজ ২০০৯ সালে হাতে নেয়া হয়। ২০১১ সালে এর বাস্তবায়ন কার্যক্রম সম্পন্ন হয়।’ বর্তমানে এটি বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় তথ্যভান্ডার হিসেবে ব্যবহৃত হচ্ছে বলেও জানান তিনি।

গভর্নর বলেন, ‘এই ডাটা ওয়্যারহাউজের পরিসর শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শিগগিরই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান গবেষণা ও অর্থনৈতিক বিশ্লেষণের জন্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় ছক বিন্যাসের মাধ্যমে তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।’

আতিউর বলেন, ‘ইডিডব্লিউ ব্যবহারের ফলে পেপারলেস ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা আরো এক ধাপ এগিয়েছি।’
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে স্থাপিত তথ্যভান্ডারকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, সিএজি প্রভৃতি

প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে একটি জাতীয় তথ্যভান্ডার তৈরির পরিকল্পনাও আমাদের রয়েছে।’

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর