প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভায় সম্প্রতি সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য কাজী সিরাজুল ইসলামকে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ইমরান খানকে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

কাজী সিরাজুল ইসলাম প্রাইম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান। মুক্তিযোদ্ধা ও জাতীয় সংসদের প্রাক্তন সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম প্রখ্যাত গহনা হাউজ আমিন জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেডের প্রধান উপদেষ্টা ও গুলশান ক্লাবের সদস্য।

এছাড়াও তিনি বাংলাদেশের একমাত্র বেসরকারি বার্ন হাসপাতাল সিটি হাসপাতালের চেয়ারম্যান ও পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি কবি জসীম উদদীন স্বর্ণপদক, মাওলানা আকরম খাঁ স্বর্ণপদক, সুফি মোতাহার হোসেন স্বর্ণপদক এবং অতীশ দীপংকর স্বর্ণপদকে ভূষিত হন। সন্ধানীর আজীবন সদস্য কাজী সিরাজ সমাজসেবায় বিশেষ অবদানের জন্য লায়ন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন কর্তৃক এমজেএফ (মেলভিন জোনস ফেলো) পদক লাভ করেন।

অন্যদিকে প্রাইম ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ইমরান খান ইতালির সেরা ব্র্যান্ড ওয়াটার পাম্প পেডরোলো’র বাংলাদেশি প্রতিষ্ঠান পেডরোলো এনকে লিমিটেডের একজন পরিচালক। এছাড়াও পিএনএল হোল্ডিংস লিমিটেড, পিএনএল ওয়াটার ম্যানেজমেন্ট লিমিটেড, পলিএক্সপ্রিন্ট লিমিটেড, পলিএক্সলেমিনেট লিমিটেড, পলিটেপ লিমিটেড, হালদা ভ্যালি টি কোম্পানি লিমিটেড ও হিল প্ল্যানটেশন লিমিটেড এর পরিচালক।

চট্টগ্রাম ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট ইমরান খান নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে ‘মার্কেটিং’-এ স্নাতক। তিনি চট্টগ্রামের সুপরিচিত ইংলিশ মিডিয়াম স্কুল ‘সিডার ইন্টারন্যাশনাল’ এর পরিচালনা পর্ষদের একজন সদস্য।

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই