নারী উদ্যোক্তার চাহিদা ও প্রয়োজনীয় বিষয়ে সহযোগিতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো উদাসীন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

মঙ্গলবার হোটেল রেডিসনে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আয়োজিত ‘নারী উদ্যোক্তাদের জন্য ঋণসেবা -পূর্ণতার’র উদ্ধোধনকালে তিনি একথা বলেন।

ড. আতিউর রহমান বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নারী উদ্যোক্তাদের চাহিদা ও প্রয়োজনীয় বিষয় সম্পর্কে উদাসীন থাকে। এ কারণে বাজারে যে সব ঋণসেবা রয়েছে তা অনেক ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের উপযোগী নয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী ঋণ উদ্ভাবন না করলে তা উদ্যোক্তারা গ্রহণ করবে না, এটাই স্বাভাবিক। তাই ঋণ পণ্য ডিজাইন ও উন্নয়নে উদ্যোক্তাদের চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে।

আতিউর রহমান বলেন, আমরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রত্যেক শাখায় কমপক্ষে তিনজন নারী উদ্যোক্তা নির্বাচন করে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করতে বলেছি। তাদের মধ্যে অন্তত একজনকে অর্থায়ন করতেও নির্দেশনা দিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম, আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হোসেন ও আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান আনোয়ারুল হক।

এসএইচ