তুরস্কে অনুষ্ঠেয় ৮৩তম ইজমির আন্তর্জাতিক মেলায় অংশ নিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বৃহস্পতিবার ভোরে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে তিনি এ সফরে গেছেন।
তুরস্ক সফরকালে শিল্পমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এফবিসিসিআই’র পরিচালক মোঃ আনোয়ার সাদাত সরকার ও মোঃ কোহিনুর ইসলাম প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত রয়েছেন।
মেলায় অংশ গ্রহণের পাশাপাশি শিল্পমন্ত্রী তুরস্কের বিজ্ঞান, শিল্প ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী এবং স্থানীয় চেম্বার নেতাদের সাথে মতবিনিময় করবেন।
উল্লেখ্য, ইজমির আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা তুরস্কের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা হিসেবে স্বীকৃত। পাঁচদিন ব্যাপী আয়োজিত এ মেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে। ০২ সেপ্টেম্বর এটি শেষ হবে।
মেলায় বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, বেসরকারি উদ্যোক্তা, চেম্বার ও ট্রেড বডির প্রতিনিধিরা অংশ নেবেন। এতে অংশ গ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে শিল্প ও বাণিজ্য সম্পর্কিত অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া প্রতিনিধিদলের সাথে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার মাধ্যমে বাংলাদেশি পণ্য রপ্তানির নতুন বাজার তৈরি হবে। এটি শিল্পখাতে প্রযুক্তি স্থানান্তরের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
শিল্পমন্ত্রীর নেতৃত্বে সফররত প্রতিনিধিদল আগামী ১ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমআর





