শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বর্তমান দামে দেখা গেছে—মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৪০ টাকা, গোল বেগুন ৮০ টাকা কেজি, মুলা ৪০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ও করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা ও গাজর ৮০ টাকা।

এ ছাড়া শালগম ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, শিম ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, নতুন আলুর কেজি ১২০ টাকা এবং পেঁয়াজের ফুল ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

শান্তিনগর বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী আলতাফ হোসেন বলেন,

“শীত এলেই সবজির দাম কমে—এটাই স্বাভাবিক। কিন্তু এবার দেখছি উল্টো পরিস্থিতি। দাম এত বেশি যে আগের মতো এক কেজি কেনা সম্ভব হচ্ছে না, আধা কেজি করেই নিতে হচ্ছে।”

সবজির দাম বাড়ার কারণ জানতে চাইলে মালিবাগ বাজারের দোকানি এরশাদ আলী জানান, পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় কিনতেই বেশি দাম পড়ছে। তাই খুচরা বাজারেও দাম বেশি রাখতে হচ্ছে।

কাওরানবাজারের বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, কয়েক দিন আগে বৃষ্টির কারণে ক্ষেতের অনেক সবজির গাছ নষ্ট হয়ে গেছে। ফলে ফলন যেমন কমেছে, তেমনি নতুন চারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরবরাহ কম থাকায় এখন সেই ঘাটতির প্রভাব বাজারে পড়ছে।

তিনি আরও বলেন, সবজি বোঝাই ট্রাক বাজারে আসার পর কয়েক ধাপে হাতবদল হয়। প্রতিটি ধাপে কিছু খরচ যোগ হয়, যার প্রভাব শেষ পর্যন্ত খুচরা দামে গিয়ে পড়ে।

এনএইচ