কেন্দ্রীয় ব্যাংকের আয়োজনে দেশের বৃহত্তম নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী আগামী বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে উপকারভোগী নারী উদ্যোক্তাসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) সমিতি, নারী সংগঠন, চেম্বার এবং এসএমই-সংক্রান্ত বিভিন্ন সরকারি-বেসরকারি, দেশী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এতে অংশ নেবে। ওই দিন সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান। নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীতে ৭৮টি স্টল থাকবে।
নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, কেয়ার বাংলাদেশ, জাইকা বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের আয়োজনে দিনব্যাপী ‘নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী’ রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]