মালয়েশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে সে দেশে নতুন নতুন পণ্য রপ্তানির তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বাংলাদেশ থেকে হালাল খাদ্য রপ্তানি বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণেরও পরামর্শ দেন।
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এর নেতাদের সাথে বৈঠককালে শিল্পমন্ত্রী এ তাগিদ দেন। রোববার শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, বিএমসিসিআিই’র এর সভাপতি নাসির এ চৌধুরী, সহ-সভাপতি এ.এস.এম মাঈনুদ্দিন মোনেম, পরিচালক হেলাল আহমদ চৌধুরী, মোঃ লিয়াকত উল্লাহ, আশরাফুল এইচ চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ বদরুল হাসানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দু’দেশের মধ্যে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন, শ্রমিকের সামাজিক নিরাপত্তা জোরদার, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, হাইটেক শিল্প কারখানা স্থানান্তর, মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের প্রদর্শনী আয়োজনসহ অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়।
বৈঠকে বিএমসিসিআই’র নেতারা বলেন, সস্তা শ্রম ও অভ্যন্তরীণ বিশাল বাজারের সুবিধা নিতে মালয়েশিয়ার উদ্যোক্তারা বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরে আগ্রহী। এসময় তারা বাংলাদেশের সড়ক ও জনপদ অবকাঠামো নির্মাণ, ফার্নিচার, হালকা প্রকৌশল, অটো মোবাইল, স্বাস্থ্য সেবা, পর্যটন, আইটি, শিক্ষা ও স্বল্পব্যয়ে আবাসন শিল্পে মালয়েশিয়ার উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগে আগ্রহের কথা শিল্পমন্ত্রীকে অবহিত করেন। তারা বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়াতে শিল্পমন্ত্রী সহায়তা কামনা করেন।
শিল্পমন্ত্রী বাংলাদেশে মালয়েশিয়ার শিল্প কারখানা স্থানান্তরের প্রস্তাবকে ইতিবাচক বলে উল্লেখ করেন। এর মাধ্যমে বাংলাদেশে প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি দু’দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। আগামী দু’বছরের মধ্যে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি জনশক্তি ১৫ লাখ ছাড়িয়ে যাবে উল্লেখ করে তিনি এ শ্রমশক্তির সামাজিক নিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা পালনের জন্য বিএমসিসিআই’র নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
মালয়েশিয়ায় নতুন পণ্য রপ্তানির তাগিদ শিল্পমন্ত্রীর
মালয়েশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে সে দেশে নতুন নতুন পণ্য রপ্তানির তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বাংলাদেশ থেকে হালাল খাদ্য রপ্তানি বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণেরও পরামর্শ দেন।





