কেন্দ্রীয় ব্যাংকের উন্নয়নে ৫ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, “ব্যাংকিং খাতের স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধান আরও জোরদার করা হবে। বিভাগীয় পর্যায় পর্যন্ত নেতৃত্ব বিকাশের পরিবেশ তৈরী এবং নীতি নির্ধারণী ক্ষেত্রে সঠিক নির্দেশনার মাধ্যমে মানব সম্পদকে আরও এগিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, আগামী ৫ বছরের মধ্যে ব্যাংকিং খাতে আরও বেশি স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এজন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নির্ধারণ করতে ৪ থেকে ৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। যা সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক মো. আহসানউল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গত পাঁচ বছরের পরিকল্পনার অর্জন তুলে ধরার পাশাপাশি আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

গভর্নর বলেন, লিডারশীপ ডেভেলপমেন্ট নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। এজন্য চট্টগ্রামে লিডারশীপ এক্সিলেন্ট সেন্টার তৈরীর কাজ চলছে বলে জানান তিনি। লিডারশীপ ডেভেলপমেন্টের এ প্রতিষ্ঠনটির মাধ্যমে প্রধান নির্বাহী, চেয়ারম্যান, পরিচালকদের বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান পরিচালনার জন্য ধারণা দেওয়া হবে।

এ সময় আবু হেনা মো. রাজি হাসান বলেন, মুদ্রার পাচার, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে অনেক এগিয়েছি। আমাগী পাঁচ বছরে আরও এগোবো বলে আশা প্রকাশ করেন তিনি।

এস কে সুর চৌধুরী বলেন,“ব্যাংকিং খাতের রিক্রুটমেন্ট পলিসিতে আমুল পরিবর্তন আনার চেষ্টা করছি আমরা। একটি সমন্বিত রিক্রুটমেন্ট ব্যবস্থা করা হবে।” এই সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজেমী, ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান, এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, পরামর্শক গ্লেন টাস্কি প্রমুখ।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর