ব্যাংকিং খাতের টালমাটাল পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকেরও মুনাফা কমেছে। ২০১৩-১৪ অর্থবছর শেষে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫১ কোটি ৮২ লাখ টাকা। যা ২০১২-১৩ অর্থবছরে ছিল ৪ হাজার ১৫২ কোটি ৩৭ লাখ টাকা।
সে হিসেবে গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা কমেছে ৮০০ কোটি ৫৫ লাখ টাকা বা ১৯ শতাংশ। যদিও ২০১২-১৩ অর্থবছরে নিট মুনাফা বেড়েছিল ২৯৩ কোটি ৬৫ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের ব্যালান্সশিটে এ তথ্য পাওয়া গেছে।
মুনাফা কমে যাওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অর্থবছরে ব্যাংকের অনুসৃত মুদ্রানীতি, সরকারের রাজস্ব আদায় ও ঋণ গ্রহণের ধারা এবং সার্বিক মুদ্রাবাজার ব্যবস্থাপনার প্রতিফলন ব্যাংকের আর্থিক কার্যক্রমের ওপর প্রভাব ফেলেছে।
সূত্র আরও জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের অর্জিত মুনাফার ১ হাজার ৫৬২ কোটি ৭৮ লাখ টাকা সরকারকে দেওয়া হবে। যা ২০১২-১৩ অর্থবছরে দেওয়া হয়েছিল ৪ হাজার ৭২ কোটি ১ লাখ টাকা। সে হিসেবে গত অর্থবছরে সরকারকে হস্তান্তর করার পরিমাণ কমেছে আড়াই হাজার কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংক ২০১১-১২ অর্থবছরে সরকারকে হস্তান্তর করেছিল ৩ হাজার ৬৭৪ কোটি ২৩ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, ২০১৩-১৪ অর্থবছরের আর্থিক বিবরণী গত ২৭ আগস্ট পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে।
ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুসারে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়েছে এবং ব্যাংক কর্তৃপক্ষ ও বহিঃনিরীক্ষা প্রতিষ্ঠান এতে স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র আরও জানায়, ২০১৩-১৪ অর্থবছরের আর্থিক বিবরণী পুরোপুরিভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিগত বছরের মতো সফ্টওয়্যার ভিত্তিক স্বয়ংক্রিয় হিসাবায়ন ব্যবস্থার মাধ্যমে এটা প্রস্তুত করা হয়েছে।
উক্ত আর্থিক বিবরণী সরকারের নিয়োজিত বহিঃনিরীক্ষা প্রতিষ্ঠান কেপিএমজি লোয়ার গাল্ফ, দুবাই এবং কেপিএমজি রহমান রহমান হক, বাংলাদেশ কর্তৃক নিরীক্ষিত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত কার্যক্রমের ধারাবাহিকতায় আন্তর্জাতিক মানের হিসাব বিবরণী প্রণয়ন একটি দৃঢ় পদক্ষেপ হিসেবে স্বীকৃত হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে বাংলাদেশ ব্যাংক প্রথম এ কৃতিত্ব অর্জন করেছে।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমআর





