ব্যাংক শাখায় গিয়ে ধাতব মুদ্রা বা কয়েন বদলাতে না পারার ঘটনায় বিপাকে পড়ে বাংলাদেশ ব্যাংকের কাছে বিভিন্ন সময়ে অভিযোগ এসেছে। তবে কাজের কাজ কিছুই হয়নি। অধিকাংশ ব্যাংক শাখাতেই কয়েন না পাওয়ার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে কয়েন রাখতে ব্যাংকগুলোর জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের এক সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলো এখন থেকে ২ ও ৫ টাকা মূল্যমানের নগদ অর্থ উত্তোলন করতে চাইলে মোট অর্থের অন্তত ৮০ ভাগ নিতে হবে ধাতব মুদ্রা বা কয়েনে। বাকি ২০ ভাগ নেওয়া যাবে কাগুজে নোট।
বিভিন্ন সময়ে গ্রাহকদের থেকে কয়েন না নেওয়ার ঘটনায় বিভিন্ন সময়ে বিক্ষোভ হয়েছে। এসব নিয়ে ব্যাংকগুলোকে একাধিকবার সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। পরিস্থিতির উন্নতি না হওয়ায় ২০১৫ সালে এক নির্দেশনার মাধ্যমে সব ব্যাংকের সাধারণ শাখায় ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ১০ হাজার পিস এবং স্থানীয় কার্যালয় ও বড় শাখায় সব মূল্যমানের অন্তত ৩০ হাজার পিস করে কয়েন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। তবে অধিকাংশ ব্যাংক এ নির্দেশনা অমান্য করছে। ফলে অধিকাংশ শাখায় কয়েন মিলছে না।
এএইচ





