দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় আসিফ নামে এক আন্দোলনকারী আহত হন। পরে শিক্ষকরা এসে পরিস্থিতি শান্ত করেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এই ঘটনা ঘটে।
পরীক্ষা ছাড়া ভর্তি হওয়া ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব বাতিলসহ ৩ দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (বুধবার)দুপুর ১২ টার দিকে ব্যবসায় অনুষদের ডিন শিবলী রুবাইতুল ইসলামের কার্যালয় ঘেরা করে বামপন্থী ছাত্র সংগঠন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও স্বতন্ত্র জোট। এসময় এসব সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা। পরে শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাবি সংবাদদাতা জানিয়েছেন, হামলাকারীদের বেশিরভাগই ঢাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মী।
আক্রান্তরা অভিযোগ করেছেন, ছাত্রলীগ তাদের ওপর হামলা করেছে। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস সাদ্দাম হোসেনের অনুসারী।
আন্দোলনকারীদের তিনটি দাবি হল- যারা অবৈধভাবে ভর্তি হয়েছেন তাদের ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করে শূন্য পদগুলোতে দ্রুত উপনির্বাচন দেয়া, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগ।
এর আগে এই দাবিতে গতকাল(মঙ্গলবার) ক্যাম্পাসে মিছিল করেন আন্দোলনকারীরা। মিছিলে উপস্থিত ছিলেন- সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী, স্বতন্ত্র জোটের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অরণী সেমন্তি খান প্রমুখ।
ফারুক হাসান বলেন, যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয়, ততদিন আন্দোলন চালিয়ে যাব। এসময় তিনি রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেন।
এমবি





