উদ্ভিদের ক্রমোজম বিষয়ে বিশ্বমানের গবেষণা প্রবন্ধ রচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেখ শামীমুল আলম জাপানের 'ওয়াদা মেমোরিয়াল অ্যাওয়ার্ড' লাভ করেছেন।
জাপানের সাইটোলজিয়া জার্নালে প্রকাশিত অধ্যাপক শামীমুল আলমের গবেষণা প্রবন্ধে সন্তুষ্ট হয়ে সেদেশের ওয়াদা মেমোরিয়াল অ্যাওয়ার্ড কমিটি তাকে অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।
ঢাবি উপাচার্যের দফতরে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার বিকালে জাপান মেন্ডেল সোসাইটির সভাপতি এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোশিওকি নাগাতা অধ্যাপক আলমের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন। জাপান মেন্ডেল সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং জাপানের সাইটোলজিয়া জার্নালের প্রধান সম্পাদক ও টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিগেওকি কাওয়ানো উপস্থিত ছিলেন।
আরেফিন সিদ্দিক শেখ শামীমুল আলমের গবেষণা প্রবন্ধকে স্বীকৃতি দেয়ায় জাপানের ওয়াদা অ্যাওয়ার্ড কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।
কেএইচ





