ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হতে শংকরচন্দ্র রায় (২৮) নামে এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভাষা শহীদ বরকত স্মৃতি সংগ্রহশালা ও জাদুঘরের নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন।

সোমবার সকালে শাহবাগ থানা পুলিশের সহায়তায় জহুরুল হক হল থেকে প্রশাসন এ লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

শংকরচন্দ্র দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন বলে জানায় হল প্রশাসন। তার বাড়ি নোয়াখালী জেলার কবির হাট উপজেলায়। ৬ বছর ধরে সে এখানে কাজ করছিলো।

বরকত স্মৃতি সংগ্রহশালার পরিচালক ও জহুরুল হক হলের প্রভোস্ট আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন এ বিষয়ে বলেন, ‘সকালে হলের কর্মচারীরা সংগ্রহশালার ভেতরে শংকরের ঝুলন্ত লাশ দেখে আমাকে জানায়।

সংগ্রহশালার কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করা হয়েছে।’

শাহবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জামান বলেন, ‘লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত করে পরিবারের স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।’

এমকে