জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল পুনরুদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখার সামনে অবস্থান নিয়েছেন। সকাল থেকে খন্ড খন্ড মিছিল সহকারে শিক্ষার্থীরা এখানে আসতে থাকেন এবং ব্যাংকের সামনে অবস্থান নেন।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে আসছেন। তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ১২টি হলের সবগুলোই বিভিন্ন সময়ে স্থানীয় প্রভাবশালী চক্রের দখলে চলে যায়।
এসব হল পুনরুদ্ধারের দাবিতে শিক্ষার্থীরা বার বার আন্দোলন করলেও সরকার ও কর্তৃপক্ষ বিষয়টির দিকে যথাযথ নজর দিচ্ছেন না এমন অভিযোগ এনে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
এদিকে, বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখার সামনে অবস্থানকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এসময় শিক্ষার্থীরা অচিরেই বেদখল হওয়া হল পুনরুদ্ধারের দাবিতে স্লোগান দিতে থাকেন।
[b]ঢাকা, ০৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি  [/b]