শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধ করাসহ সাত দফা দাবি জানিয়েছেন ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট করে অভিভাবক হয়েছো, অভিভাবকের দায়িত্ব পালন করো’ শীর্ষক মানববন্ধনে এমন দাবি করেন শিক্ষার্থীরা।

ঢাকা গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ছাত্রীরা এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধন থেকে সাত দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- সব কলেজ মিলে একটি ইনস্টিটিউটের অধীনে রাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সুযোগ-সুবিধা দেওয়া, প্রাইভেট কলেজগুলোকে এই ইনস্টিটিউটের অন্তর্ভুক্ত করা, শিক্ষা ব্যয় কমানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি হস্তক্ষেপ চায় ও নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন চায়, সব র্বষের ছাত্রীদের জন্য সিজিপিএ পদ্ধতি চালু করা।

শিক্ষার্থীরা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজ হয়েও আমাদের বেসরকারি কলেজের মতো টাকা দিতে হয়। এখনই উচ্চ অর্থ বাণিজ্য বন্ধ করতে হবে। তা না হলে আমাদের শিক্ষা অর্জন করা কষ্ঠসাধ্য হয়ে যাচ্ছে।’

তারা আরো বলেন, ‘মেধার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের সমান যোগ্যতা নিয়ে ঢাবির সার্টিফিকেট অর্জন করতে এসেছি।এখানে কোন প্রকার বাণিজ্যের শিক্ষা নিতে আসেনি।’

আশা করি, কর্তৃপক্ষ আমাদের সাত দফা দাবির প্রতি সম্মান দেখিয়ে গার্হস্থ্য অর্থনীতি কলেজের সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে শিক্ষা অর্জনের পথ আরো সুগম করবে।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কাশফিয়া আক্তার, অমি খানম, দিথি সাহা, মুতাহারা ফেরদৌসী সূর্বণা, আফসানা মিমি, নূরে তানিয়া প্রমুখ।

এমকে