দেশের বর্তমান অচলাবস্থা নিরসনে অবিলম্বে সকল দলকে নিয়ে সংলাপে বসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদাদলের শিক্ষকরা।
দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
মানববন্ধনে ঢাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার বলেন, ‘গত বছর ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গণন্ত্রের খোলসে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আজকের এই রাজনৈতিক অচলাবস্থার জন্য তারাই দায়ী।’
তিনি বলেন, ‘এই রাজনৈতিক অচলাবস্থা নিরসনের উদ্যোগ বর্তমান ক্ষমতাসীন সরকারকেই নিতে হবে। তাই লোক দেখানোর জন্য ফলপ্রসু ও কার্যকরী একটি আলোচনা করতে হবে। যার মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কেয়ার-টেকার হোক আর অন্তবর্তীকালীন সরকারই হোক তার অধীনে একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
ঢাবির কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন বলেন, ‘প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে।
মুক্তিযুদ্ধের সময় দেশে যে রকম অবস্থা বিরাজ করছিল, চাপাইনবাবগঞ্জের ঘটনাগুলো দেখে তাই মনে হচ্ছে। দেশ যেন এখন দখলদার বাহিনীর অধীনে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।’
তিনি সকলের অংশগ্রহণে এবং সকলের গ্রহণযোগ্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
পালি এবং বুদ্ধিস্ট বিভাগের অধ্যাপক ড. সুকমল বড়–য়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘ট্রাক, বালু, ইট, পাথর দিয়ে গণতন্ত্রের পথকে রুদ্ধ করা যায় না- এটা কি তিনি জানেন না?’
দেশের ৬০ শতাংশ লোকের সমর্থন রয়েছে বিএনপির উল্লেখ করে তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে সকলেই সমাবেশ করতে পারে আর প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করতে পারবেন না কেন?’
মানববন্ধনে সাদাদলের যুগ্ম আহ্বায়ক ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাবির ফার্মেসী অনুষদের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুর রশীদ, আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার, বিজ্ঞান অনুষদের আহ্বায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আজীজ।
এসএইচ





