ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রোববার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়।

ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবীর বিন আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

স্বাক্ষর অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরী, ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর কে এ এম মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় ঢাবি এবং এটুআই প্রকল্প যৌথভাবে গবেষণা, প্রশিক্ষণ ও মূল্যায়ণ কর্মসূচি বাস্তবায়ন এবং কৌশল নির্ধারণ করবে। এটা সরকারের বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের সেবাসমূহ জনগণের কাছে সহজে ও দ্রুত পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখবে। এ চুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে অনুঘটক ও সহায়ক হিসেবেও কাজ করবে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক তার বক্তব্যে অত্যন্ত সময়োপযোগী এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিশ্বদ্যিালয়কে যুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে উন্নত করতে হলে সব ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির বিস্তৃতি ও ব্যবহারের কোনো বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ সৃষ্টির মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে কার্যকর অবদান রাখছে।

কেএইচ