রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার চতুর্থ দিনে জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর ১ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মর্তূজা-আল মুইত এই আদেশ দেন।
সূত্র জানায়, আজ সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) বিজোড় রোলধারীদের পরীক্ষা চলছিল। এসময় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের ১৪৮ নম্বর কক্ষে ভর্তি পরিক্ষার্থী অরিন্দম কুমার বর্ধনের ছবি পরিবর্তন করে পরীক্ষা দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আখতারুল ইসলাম। বিষয়টি বুঝতে পেরে পরীক্ষার হলের দায়িত্বরত পরিদর্শকরা তার প্রশ্ন ও উত্তরপত্র (ওএমআর শিট) নিয়ে তাকে প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে এক বছরের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ভর্তি পরীক্ষা জালিয়াতির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীর কারাদণ্ড দেয়া হয়েছে তাকে জেলে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে প্রশাসন তৎপর রয়েছে।
কেএইচ





