ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগ এ ঘটনা ঘটিয়েছে। ওই তিন শিক্ষার্থী হলেন- জসিম উদ্দিন হলের শহীদুল (সমাজবিজ্ঞান), শুভ্র (বিশ্ব ধর্মতত্ত্ব) ও এসএম হলের সোহেল। তিনজনই মাস্টার্সের শিক্ষার্থী।
জানা যায়,শুক্রবার বিসিএস পরীক্ষা দিয়ে এসে ক্যাম্পাসে ঘুরতে বের হয় তিনজন। পরে শিক্ষা ও গবেষণা ইন্সিস্টিউটের (আইইআর) সামনে ঘুরতে দেখে নাশকতাকারী সন্দেহে ছাত্রলীগের জসিম উদ্দিন হল শাখার নেতাকর্মীরা ধরে হলে এনে মারধর করে। পরে তাদেরকে পুলিশে দেয়া হয়।
ছাত্রলীগের জসিম উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক বি এম এহতেশাম জানান, তারা তিনজনই স্বীকৃত ছাত্রদল। তাদেরকে এর আগে হল থেকে ছাত্রদল অভিযোগে বের করে দেয়া হয়েছে। তারা আইইআরের সামনে নাশকতার ষড়যন্ত্রকরছিল। তাই ধরে পুলিশে দেওয়া হয়।
শাহবাগ থানার সাব ইন্সপেক্টর (এসআই)মাহফুজুর রহমান বলেন, তারা থানায় আছে। যাচাই-বাছাই করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন, তাদেরকে গভীর রাতে আইইআর ইন্সটিটিউটের সামনে থেকে ছাত্রলীগের কর্মীরা ধরে পুলিশে দিয়েছে বলে জানতে পেরেছি। তাদের বিরুদ্ধে ছাত্রদল করার অভিযোগ রয়েছে। যেহেতু ছাত্রদল কোন নিষিদ্ধ সংগঠন নয় তাই নাশকতার অভিযোগ পাওয়া না গেলে তাদের ছেড়ে দেওয়া হবে।
কেএইচ





