আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির উষ্কানিমূলক বক্তব্য এবং দেশের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল ও পরবর্তীতে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনের এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।
মিছিলটি মধুর ক্যান্টিন থেকে বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়। পরে এখানেই সমাবেশ করেন তারা।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
সমাবেশে তিনি বলেন,আন্দোলন করতে ব্যর্থ হয়ে বিএনপি এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি-জামায়াত দেশে বাংলা ভাইয়ের মতো জঙ্গির উত্থান করেছে। তারা দেশকে আল-কায়েদা রাষ্ট্রে পরিণত করতে চায়।
বিএনপিকে হুঁশিয়ার করে তিনি বলেন,বাংলার প্রতি ইঞ্চি মাটি শহীদের রক্তে কেনা। এই মাটিতে কোন অপশক্তি জঙ্গিবাদের আবির্ভাব ঘটাতে পারবে না। ছাত্রলীগ ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।
এসময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন,ঢাবি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লা,সাধারণ সম্পাদক ওমর শরীফ,কেন্দ্রীয় সহ-সভাপতি ইমাউল হক সরকার টিটু,যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত,আবদুর রহমান জীবন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]